
রাজবাড়ীর কালুখালীতে অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ ৭১ হাজার টাকা মূল্যের ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপসহ মোঃ সাইদুল সরদার (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন মহিমশাহী কালিকাপুর এলাকার সোনাপুর মোড় সংলগ্ন কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করে। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭১ হাজার টাকা।
গ্রেপ্তার সাইদুল সরদার রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল এলাকার বাসিন্দা। এসআরবি সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে উইনসেরেক্স সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধার করা মাদক ও জব্দ করা পিকআপসহ গ্রেপ্তার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১০ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।