বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ফরিদপুরে পণ্যের মান নিয়ন্ত্রণ, সঠিক পরিমাপ নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (৩ নভেম্বর) সদর উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয় ফরিদপুর, জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
অভিযানে বাখুণ্ডার মিনিবাস ফিলিং স্টেশনে ট্যাংকলরির ক্যালিব্রেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। লালখাঁর মোড়ের রিজিক ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের সিএম লাইসেন্স বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ায় বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কাফুরা মুন্সীবাজার এলাকার আল বারাকাহ এন্ড কোং প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডারের ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ফরিদপুর-বরিশাল মহাসড়কের কাফুরা এলাকার ইউনাইটেড ফিলিং স্টেশনের সব ডিসপেন্সিং ইউনিটে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। এ সময় বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট্রোলজি) মো. খালিদ হাসান ও ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্যের মান ও পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন