বান্দরবানের থানচি উপজেলার দুর্গম লাংলোক ঝর্ণা এলাকায় গুরুতর অসুস্থ হয়ে পড়া এক পর্যটকসহ ছয়জনকে উদ্ধার করে নিরাপদে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়েছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)। ২০ সেপ্টেম্বর ঢাকার মিরপুর থেকে ছয়জনের একটি পর্যটক দল লাংলোক ঝর্ণা এলাকায় ভ্রমণে গেলে দলের সদস্য নাফিস মাশরুর ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ পর্যটকের পরিবারের পক্ষ থেকে বিজিবির সহায়তা চাওয়া হলে ৩৮ বিজিবির অধিনায়কের নির্দেশনায় টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প থেকে একটি টহল দল দুইটি নৌকাযোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বিজিবি সদস্যরা অসুস্থ পর্যটককে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করেন। পরে অসুস্থ পর্যটকসহ তার সঙ্গীদের নৌকাযোগে নিরাপদে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বিজিবির এ মানবিক ও তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় দুর্গম এলাকায় বিপদে পড়া পর্যটক দলের সদস্যরা নিরাপদে চিকিৎসা নেওয়ার সুযোগ পান।