ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের আকইন গ্রামে পূর্বশত্রুতা ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে স্থানীয় একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। দেশীয় অস্ত্রের হামলায় গর্ভবতী নারীসহ দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে যুবক মাহবুব মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। আহত মাহবুব মণ্ডল বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর গর্ভবতী স্ত্রী সাথী বেগমও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফরিদপুর কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পরিবারের সদস্যরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।