
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (PET)-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে নারী প্রার্থীদের ১ হাজার মিটার এবং পুরুষ প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার দৌড়ের মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রমে সততা, নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি সুলতানা ফারমানা মাফি, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ঢাকা এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ নিয়োগ বোর্ডের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী প্রাথমিক বাছাই কার্যক্রমের শেষ দিনে পুলিশ সুপার শামীমা পারভীন উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য শুভকামনা জানান। পাশাপাশি দালাল ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এখানে কোনো তদবির কিংবা আর্থিক লেনদেনের সুযোগ নেই।
প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের মধ্য দিয়ে তৃতীয় দিনের প্রাথমিক বাছাই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।