সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

ফরিদপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬”-এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুর কমিউনিটি পুলিশিং কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় ফরিদপুর জেলার বিভিন্ন এলাকার মেধাবী, উদ্যমী ও সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ বয়সী খেলোয়াড়দের নিয়ে দল গঠন করা হয়। প্রতিটি ম্যাচ শেষে নির্ধারিত মূল্যায়ন ফরমের মাধ্যমে খেলোয়াড়দের পারফরম্যান্সও মূল্যায়ন করা হয়।
এবারের প্রতিযোগিতায় ফরিদপুর জেলার ৯টি পুরুষ ও ৯টি মহিলা দল অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে কোতয়ালী থানা পুরুষ কাবাডি দল চ্যাম্পিয়ন এবং নগরকান্দা থানা পুরুষ কাবাডি দল রানার্স আপ হয়।
অন্যদিকে মহিলা বিভাগে কোতয়ালী থানা মহিলা কাবাডি দল চ্যাম্পিয়ন এবং বোয়ালমারী থানা মহিলা কাবাডি দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন