ফরিদপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ উদ্বোধন
মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যুবসমাজকে খেলাধুলা ও সুস্থ-ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্পৃক্ততা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলাকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখার কার্যকর মাধ্যম হিসেবে কাজে লাগানো হবে।
তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা বিকশিত হবে।
অনুষ্ঠানে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশের সদস্য, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা মনে করছেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সমাজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।