ফরিদপুরের কোতয়ালী থানাধীন কানাইপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া বলে প্রাথমিকভাবে ধারণা করা ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও ৭টি সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প।
এসআরবি-১০-এর দেওয়া বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) আনুমানিক রাত ৩টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর এলাকার আখ সেন্টার মাঠের উত্তর-পূর্ব পাশে একটি পুরাতন আধাপাকা ভবনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভবনটির ভেতর তল্লাশি চালিয়ে ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল এবং ৭টি সাউন্ড গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার হওয়া কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে এসআরবি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানায় হামলার ঘটনায় অস্ত্র ও গোলাবারুদ লুট হওয়ার পর সেগুলো উদ্ধারে নিরাপত্তা বাহিনীগুলো অভিযান পরিচালনা করে আসছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদের মজুদ, পরিবহন ও ব্যবহার প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে।