গাজীপুরে মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ
ফরিদপুর জেলা প্রতিনিধি:
মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।
শনিবার (২৬ সেপ্টেম্বর) গাজীপুর জেলা স্টেডিয়াম মাঠে গাজীপুর জেলা পুলিশের আয়োজনে জেলার বিভিন্ন থানার খেলোয়াড়দের অংশগ্রহণে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য— “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল ও সুন্দর জীবন গড়ি।”
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ গড়ে ওঠে।
তিনি বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে কিশোর ও তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন গঠনমূলক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন।
পুলিশ সুপার আরও বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলাকে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধের কার্যকর মাধ্যম হিসেবে কাজে লাগানো হবে।
এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সবল, শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), গাজীপুরসহ কাবাডি খেলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।