ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩টি জেলার আগস্ট ২০২৬ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও অপরাধ দমন কার্যক্রম পর্যালোচনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।
সভায় ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩টি জেলার আগস্ট মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আরও কার্যকর, পেশাদার ও জনবান্ধব পুলিশি কার্যক্রম পরিচালনার জন্য ইউনিট প্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি অপরাধের রহস্য দ্রুত উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল এবং মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধ দমনে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযান আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) রুমানা আক্তার, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফারুকী এবং অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মোঃ সিদ্দিকুর রহমান।
এছাড়া ঢাকা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপারগণ সভায় উপস্থিত ছিলেন। জুম প্ল্যাটফর্মে রেঞ্জাধীন সকল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স), সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-১, ইন্সপেক্টর-১ (ডিবি), টিআই (প্রশাসন) ও আরআই (পুলিশ লাইন্স) সভায় অংশ নেন।