ফরিদপুর শহরের গোয়ালচামটের হাজরাতলা এলাকায় অবৈধ দখলে থাকা পৌরসভার জমি উদ্ধার ও একটি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে ফরিদপুর পৌরসভা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোয়ালচামটের হাজরাতলা এলাকার বাসিন্দা কবির চৌধুরীর অবৈধ দখলে থাকা শূন্য দশমিক ২৫ শতাংশ জমি উদ্ধার করা হয়। একই সঙ্গে ওই জমিতে থাকা একটি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে জায়গাটি দখলমুক্ত করা হয়।
অভিযানে নেতৃত্ব ও উপস্থিতিতে ছিলেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. হাই জকি। এছাড়া অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।
পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পৌরসভার মালিকানাধীন জায়গা অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।