মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

ফরিদপুরে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন, নিরাপত্তা জোরদার এবং বিদ্যমান সমস্যাসমূহ নিরসনের লক্ষ্যে ফরিদপুরে পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
সভায় জেলার সড়ক পরিবহন খাতের সার্বিক পরিস্থিতি, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা তাঁদের দৈনন্দিন কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।
সভায় উপস্থিত সকলের মতামত গুরুত্বের সঙ্গে শোনা হয়। পাশাপাশি সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় পুলিশ সুপার নিরাপদ সড়ক গড়ে তুলতে ট্রাফিক আইন মেনে চলা, ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিষয়ে সতর্ক থাকা এবং যাত্রী হয়রানি বন্ধে পরিবহন মালিক ও শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, ফরিদপুরের সড়ক পরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল, নিরাপদ ও জনবান্ধব করতে জেলা পুলিশ সবসময় পরিবহন সংশ্লিষ্টদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।
সভায় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ফরিদপুরের পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন