নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় আইয়ুব হোসেন (৩৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার শাহিনুর ইসলাম (৩০) এবং সোনারগাঁওয়ের কাঁচপুর উত্তরপাড়ার জামির হোসেন (৫৭)।
পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ১১টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানাধীন সোনাপুর জালালাবাদ ঔষধ ফ্যাক্টরির পরিত্যক্ত ভাঙারি গোডাউনের পূর্ব পাশে ডোবা থেকে সাদা প্লাস্টিকের মুখ বাঁধা বস্তাবন্দি রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী মোছা. মাহফুজা আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তদন্তে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দিপংকর ঘোষের তত্ত্বাবধানে সোনারগাঁও থানা পুলিশের একটি দল কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে তদন্ত পরিচালনা করে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শাহিন ও জামিরসহ আরও কয়েকজন আইয়ুব হোসেনকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন ১০টি ইয়াবা ট্যাবলেট ও টাকার বিনিময়ে শাহিনুর ইসলামকে ব্যবহার করে আইয়ুব হোসেনকে তাঁর ভাঙারির দোকানে প্রবেশ করানো হয়। পরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃত শাহিনুর ইসলাম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধারে সোনারগাঁও থানা পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।