মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

ভাঙ্গায় পথচারীকে লক্ষ্য করে গুলি: মূল আসামি গ্রেপ্তার, রিভলবার উদ্ধার

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভাস্থ ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ে মহাসড়কে এক পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়। পরে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একটি .২২ বোর রিভলবার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
পুলিশ সুপার জানান, ভাঙ্গা পৌরসভাস্থ ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ে মহাসড়কের ওপর এক পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হলে ঘটনাটি নিয়ে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়।
ঘটনার পর ভাঙ্গা থানায় অস্ত্র আইনের ১৯(এ) এবং দণ্ডবিধির ৩০৭/৫০৬ ধারায় মামলা করা হয়। মামলাটি নং-০৬, তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
মামলার পর ফরিদপুর জেলা পুলিশ দ্রুত তদন্ত ও অভিযান শুরু করে। RAB-১, ঢাকার সহযোগিতায় অভিযান চালিয়ে ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনায় ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে অপরাধে ব্যবহৃত একটি .২২ বোর রিভলবার উদ্ধার করে।
পুলিশ সুপার বলেন, মামলায় পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ফরিদপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ়ভাবে কাজ করছে বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন