মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬


খাগড়াছড়িতে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি
খাগড়াছড়ি প্রতিনিধি: মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে খাগড়াছড়িতে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে এ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদকের শিকড় উপড়ে না ফেলা পর্যন্ত মাদকের বিরুদ্ধে অভিযান আরও বেগবান করা হবে। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে মারাত্মক ক্ষতি করছে। মাদকের প্রভাবে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে খুনের মতো অপরাধেও জড়িয়ে পড়ছে।
তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ সমাজকে মাদকমুক্ত করা সম্ভব। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সমাবেশে বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়।
র‌্যালি ও সমাবেশে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্তা: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন