ঢাকার সাভার-ধামরাইয়ে পৃথক অভিযানে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।
ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানাধীন বেদেপল্লী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. ফরহাদ (২৮) নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এরপর রাত ৮টা ৪৫ মিনিটে ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. সুজল খান (৩২) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়। যার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এছাড়া রাত ১১টা ১০ মিনিটে সাভার মডেল থানাধীন খাগান এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেন (৩৯) ও আসাদুল ইসলাম (৪১)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, যার ওজন ৫ গ্রাম ও আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা, এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি PULSAR NS160 মোটরসাইকেল জব্দ করা হয়। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য দুই লাখ টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।