ফরিদপুরে শিকলবন্দি অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৩
ফরিদপুরে শিকলবন্দি অবস্থায় নিলয় শিকদার নামে ৩৫ বছর বয়সী এক যুবককে উদ্ধার করেছে র্যাব-১০। এ ঘটনায় অপহরণ চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে নিলয় শিকদারের কাছ থেকে কয়েক দফায় পাসপোর্টসহ প্রায় ৫ লাখ টাকা নেওয়া হয়। পরে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি পূরণ না করে গত ৬ আগস্ট তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ।
অপহরণের পর পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। পরিবার ৪ লাখ ৫১ হাজার টাকা পাঠালেও নিলয়কে মুক্তি না দিয়ে আরও ৫ লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় তার শ্বশুর ঝালকাঠির কাঠালিয়া থানায় অপহরণ মামলা করেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল ১৫ আগস্ট রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে ফরিদপুর কোতোয়ালি থানার চরকমলাপুর এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালায়। সেখান থেকে শিকলবন্দি অবস্থায় নিলয় শিকদারকে জীবিত উদ্ধার করা হয়।
এ সময় অপহরণের মূলহোতা মো. ফেরদৌস ওরফে রহমান এবং মাহুয়া আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ আগস্ট রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে কোতোয়ালি থানার মুন্সিডাঙ্গী এলাকার নিজ বাড়ি থেকে এস এম মনোয়ারকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারদের কাছ থেকে দুইটি লোহার শিকল, দুইটি তালা, দুইটি স্টিলের পাইপ, একটি চাকু, ছয়টি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে।