মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

ফরিদপুর সদরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে ফরিদপুর সদর উপজেলায় পূজামণ্ডপগুলোর প্রস্তুতিমূলক আলোচনা সভা ও সরকারি অনুদানের বরাদ্দপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া।
এ বছর ফরিদপুর সদর উপজেলায় ১৯৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপের জন্য সরকারিভাবে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে চালের বরাদ্দপত্র (ডিও) তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহসভাপতি ডা. প্রকাশ স্বরূপ রায় অপু, ফরিদপুর পৌরসভা পূজা উদযাপন পরিষদের সম্পাদক শ্যামল কর্মকার, পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক বিপ্লব কুমার সাহা ও সম্পাদক অসিত কুমার নাথ এবং চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন মণ্ডল।
এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সদর উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে। মন্দিরের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে এ বছর ফরিদপুর সদর উপজেলার প্রতিটি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
Z TV Bangla 24

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন