শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকা রেঞ্জে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক | Z TV Bangla 24
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে ঢাকা রেঞ্জ পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে ভার্চুয়াল এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
সভায় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার, গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা গ্রহণ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত টহল পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি।
এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখা, গুজব ও অপতথ্য প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণার বিষয়ে সতর্ক থাকার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় পূজা উদ্যাপন কমিটি, সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পূজার আগে, পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী এবং পুলিশ সুপার, ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা।
এ সময় ঢাকা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অনলাইনে ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপার, সংশ্লিষ্ট সার্কেলের কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ও পূজা উদ্যাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা যুক্ত ছিলেন।