
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’। শনিবার (৩ অক্টোবর) সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এ আন্তর্জাতিক সংলাপ। এবারের সম্মেলনে শতাধিক দেশের প্রায় ২০০ বক্তা, ৩০০-এর বেশি প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতির ধারাবাহিকতা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারকে সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন।
তিনি বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা, উৎপাদন ও সেবা খাতে কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং উদ্যোক্তা ও স্টার্টআপে সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া কৃষি, পানি ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দেন।
বঙ্গোপসাগরীয় অঞ্চলে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক সমতা, ন্যায্যতা ও সম্মানের ভিত্তিতে আঞ্চলিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে হবে।
এবারের সম্মেলনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। সম্মেলনটি চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।
প্রকাশনা: Z TV বাংলা ২৪
ওয়েব: https://ztvbangla24.com/
