
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ সময় তার স্বামী ও কথিত মাদক কারবারি মো. কবির হোসেন (৪৫) পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মাদ জসীম উদ্দিন, পিপিএম(বার)-এর সার্বিক দিকনির্দেশনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর থানা পুলিশের একটি দল বরমী বাজার এলাকায় অবস্থান করছিল। রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে সেখানে বিপুল পরিমাণ মাদক মজুদের গোপন সংবাদ পাওয়া যায়।
পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে শ্রীপুর থানাধীন বরমী মধ্যপাড়া এলাকায় জনৈক কাজলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই বাড়ির ভাড়াটিয়া কবির হোসেনের বসতঘর থেকে বিভিন্ন আকারের প্যাকেটে রাখা ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাহমিনাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির হোসেন কৌশলে পালিয়ে যায়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশের দাবি, পলাতক কবির হোসেন একজন আন্তঃজেলা মাদক কারবারি। তিনি তার স্ত্রীসহ অন্যান্য মাদক বিক্রেতাদের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে মাদকের বড় চালান এনে স্থানীয় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।
এ ঘটনায় কবির হোসেনসহ সংশ্লিষ্ট অন্যান্য মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে শ্রীপুর থানা পুলিশ।
সূত্র: পুলিশ মিডিয়া সেল, গাজীপুর জেলা