সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শেরপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) নির্ধারিত সফরসূচি অনুযায়ী সকালে শেরপুর পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। এ সময় শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুরের কমান্ডেন্ট (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল উপস্থিত ছিলেন।
সফরের শুরুতে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুরে জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ প্রশিক্ষণ পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী গঠন এবং নির্বাচনি দায়িত্ব যথাযথভাবে পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে পুলিশ লাইন্সে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
এরপর পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে শেরপুরের পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ‘রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ সভা’। এতে জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশ নেন। সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমষ্টিগত দাবি-দাওয়া তুলে ধরলে ডিআইজি তা মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলো বাস্তবায়নে পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে শেরপুর সদর থানা আকস্মিক পরিদর্শন করেন রেঞ্জ ডিআইজি। এ সময় তিনি থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সেবার মান ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে থানার কার্যক্রম, সেবা প্রদান, মামলা ও রেকর্ড ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে জনগণকে দ্রুত, মানসম্মত ও জনবান্ধব সেবা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, স্বচ্ছতা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন তিনি। জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে আন্তরিকতা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
দিনের শেষ পর্যায়ে পুলিশ সুপারের কার্যালয়ে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন