রাজবাড়ীতে শিক্ষার্থী রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নড়াইলে গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দঘাটে আলোচিত শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে নড়াইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্প ও র্যাব-৬-এর যৌথ অভিযানে রোববার ৩০ আগস্ট বিকেলে নড়াইল সদর থানার কালিয়া রোডের ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর দৌলতদিয়া এলাকায় গুলি করে শিক্ষার্থী রিপন মন্ডলকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে ২০২৩ সালের ৬ আগস্ট জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত।
সাজা এড়াতে দীর্ঘদিন ভারতে পলাতক ছিলেন জামাল। ২০২৫ সালে মুম্বাই থেকে গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে প্রায় দুই মাস আগে পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেন তিনি।
এরপর র্যাবের নজরদারিতে থাকা জামালের অবস্থান শনাক্ত করে নড়াইলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাবের দাবি, জামাল পত্তনদার আরও কয়েকটি অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজি মামলার আসামি।