মাদারীপুরের কালকিনি থানা নির্ধারিত বার্ষিক পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এম এ জলিল।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) তিনি কালকিনি থানা পরিদর্শন করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরিদর্শনে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার ফজলে এলাহী।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজতখানা এবং সরকারি অস্ত্র সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় তিনি দাপ্তরিক কাজের সুষ্ঠু বণ্টন, সেবাপ্রত্যাশীদের যথাযথ সেবা প্রদান এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করতে নির্দেশনা দেন।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও সুবিধা-অসুবিধার কথা শুনে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের, কালকিনি থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।