নারায়ণগঞ্জের বন্দর থানাধীন সোনাচড়া ঢাকেশ্বরী বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে সোনাচড়া ঢাকেশ্বরী বাজারের একটি স্বর্ণের দোকানে অজ্ঞাতনামা ৭/৮ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় দোকানে থাকা একজন নারী ও দোকানদারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, রূপার গহনা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আনুমানিক ২৬ লাখ ৪৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।
ঘটনার পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা’র নির্দেশনায় বন্দর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখাসহ একাধিক দল তদন্ত ও অভিযান শুরু করে।
এর ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর দিবাগত রাত ২টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়।