“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবাই মিলে গড়ি বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ফরিদপুরের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ফরিদপুরের সভানেত্রী শায়লা শারমীন। সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। এ সময় পুনাকের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে পুনাক সভানেত্রী শায়লা শারমীন বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না; এটি বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
নিজস্ব প্রতিবেদক | ফরিদপুর জেলা প্রতিনিধি