সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

ফরিদপুরে এসআরবি-১০ এর পৃথক অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও ককটেল উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড তাজা গুলি, দুইটি ককটেল, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি ও ইয়াবাসহ সাফায়েত আহমেদ (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকালে ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসআরবি-১০।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে কোতয়ালী থানাধীন উত্তর কালীবাড়ি এলাকার জেনারেল হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন মাদকসেবী পালিয়ে যায়। পরে ভবনটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এরপর সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে নীলটুলি এলাকার একটি আবাসিক ভবনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাফায়েত আহমেদ (৩৬), পিতা—মৃত বশির আহমেদ, সাং—চরকমলাপুর, থানা—কোতয়ালী, জেলা—ফরিদপুরকে আটক করা হয়।
এসআরবি জানায়, আটক সাফায়েত আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে দুইটি ককটেল, একটি খেলনা রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি সুইচ গিয়ার, একটি ওয়াকিটকি, একটি ট্রেজার গান, ২৫ রাউন্ড গুলির খোসা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া সেনাবাহিনীর দুইটি ক্যাপ, এপিবিএনের একটি ক্যাপ এবং সেনাবাহিনীর একটি কোমরবন্ধনীও জব্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রতারণা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে দাবি করেছে এসআরবি-১০।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক সাফায়েত আহমেদ ফরিদপুর কোতয়ালী থানার একটি মাদক ও একটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় আসামি।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ, ককটেল ও অন্যান্য সরঞ্জামসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এসআরবি-১০ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন