ফরিদপুরের ভাঙ্গায় প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা মূল্যের ১৩৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
সোমবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ভাঙ্গা থানার কাপুড়িয়া সদরদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ১৩৮ বোতল স্কাফ সিরাপ এবং তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাগুরা সদর উপজেলার মোঃ মিন্টু আলী, বয়স ৩৬ বছর এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মোছাঃ নুরজাহান বেগম, বয়স ৪২ বছর।
র্যাবের দাবি, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।