নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নতুন মোড়কে বাজারজাত করা বিক্রয় নিষিদ্ধ মাদকদ্রব্য FAIRDYL ও WINCEREX-এর ৭৪ বোতলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, পিপিএমের দিকনির্দেশনায় জেলা জুড়ে মাদক ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এসআই মিজানুর রহমান, পিপিএম ও এসআই মফিজুল ইসলাম, পিপিএমের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১০ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার মধ্য সানারপাড় এলাকায় আবদুল আওয়াল ভূঁইয়ার বাড়িতে অভিযান চালায়।
অভিযানে ইকবাল খাঁ (৫০) ও খবির ভূঁইয়া (৩৬) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে FAIRDYL ও WINCEREX নামের ৭৪ বোতল বিক্রয় নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ডিবির এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।