নওগাঁয় কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান
Z TV Bangla 24 | অনলাইন নিউজ
নওগাঁ জেলা পুলিশের কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের পক্ষ থেকে পাঠানো সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার কৃতী শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার প্রতিফলন। এই সাফল্যকে কাজে লাগিয়ে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এই অর্জন তাঁদের পরিবার ও বাংলাদেশ পুলিশের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার জন্য তিনি কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
নওগাঁ জেলা পুলিশ মেধার স্বীকৃতি প্রদান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে অনুপ্রেরণা জোগাতে প্রতিশ্রুতিবদ্ধ।