মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

গোয়ালন্দে ৮ লাখ ৫৮ হাজার টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

গোয়ালন্দে ৮ লাখ ৫৮ হাজার টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।
র‌্যাব-১০ জানায়, অভিযানের সময় একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের ৯৯ বোতল স্কাফ সিরাপ এবং ৫ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৫৮ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের মো. মিলন হোসেন খান (৩৮), একতারপুর গ্রামের মো. তরিকুল আহমেদ তারেক (৩৮), ভগবতী তলা গ্রামের মো. শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনার আমতলী উপজেলার মো. জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।
এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
র‌্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপ, ফেয়ারডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার মো. মিলন হোসেন খানের বিরুদ্ধে একটি এবং মো. তরিকুল আহমেদ তারেকের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন