গোপালগঞ্জে পেশাদার অনলাইন জুয়ার এজেন্টসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা—ডিবি।
রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানার পৌরসভা এলাকার এফএনএফ শপিং মলের পেছনে একটি বসতবাড়িতে অভিযান চালায় ডিবির একটি দল।
এ সময় অনলাইন জুয়ার অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় বদিউল ইসলাম বদি, সাইফুর রহমান ওরফে সাইফুল, ইমরান খান ও বিল্লাল বিশ্বাসকে আটক করা হয়।
তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ডিবি জানায়, মোবাইলগুলোতে যথাক্রমে ২৩টি, ৬৪টি, ৪টি ও ২২টি অনলাইন জুয়ার অ্যাপস পাওয়া গেছে।
পুলিশের দাবি, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এবং তাদের মধ্যে কয়েকজন পেশাদার জুয়ার এজেন্ট।
এ ঘটনায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে গোপালগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।