সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

গাজীপুরে দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে গাজীপুর জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
মতবিনিময়ের শুরুতে পুলিশ সুপার উপস্থিত সবাইকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় দুর্গাপূজা উদযাপনের পূর্বপ্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতামত শোনেন তিনি।
সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানানো হয়।
পূজা মণ্ডপের নিরাপত্তা জোরদারে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মী নিয়োগ এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে অনুরোধ করেন পুলিশ সুপার। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপে পালাক্রমে দায়িত্ব পালনের ব্যবস্থাও করার পরামর্শ দেওয়া হয়।
কোনো ধরনের সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসার, থানার অফিসার ইনচার্জ (ওসি) অথবা পুলিশ সুপারকে অবহিত করার জন্য তিনি উপস্থিত নেতৃবৃন্দকে পরামর্শ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, এ বছর গাজীপুর জেলায় মোট ৩৩৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে জয়দেবপুর থানা এলাকায় ২৮টি, কালিয়াকৈর থানা এলাকায় ১৩৮টি, শ্রীপুর মডেল থানা এলাকায় ৬০টি, কাপাসিয়া থানা এলাকায় ৬৫টি এবং কালীগঞ্জ থানা এলাকায় ৪৩টি পূজা মণ্ডপ রয়েছে।
প্রতিটি পূজা মণ্ডপে পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা শাখা (ডিবি) ও ডিএসবি পুলিশের সদস্যরাও মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল শেখ মুত্তাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন