মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

কানাইপুর বিসিক শিল্প এলাকায় এসিড কারখানা সরানোর দাবি এলাকাবাসীর

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬


ফরিদপুরের কানাইপুর বিসিক শিল্প এলাকায় ঘনবসতিপূর্ণ ও কৃষিজমির কাছাকাছি থাকা একটি এসিড কারখানা অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, কারখানাটির কারণে আশপাশের প্রায় ৩০ থেকে ৩৩টি গ্রামের কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য ক্ষতির মুখে পড়ছে। কৃষকদের দাবি, কারখানার আশপাশের জমিতে ধান, পাট ও বিভিন্ন ধরনের সবজি চাষে বিরূপ প্রভাব পড়ছে। অনেক সময় ধান ও পাটের গাছ লালচে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।
কৃষকরা জানান, সার, বীজ, শ্রমিকসহ বিভিন্ন খাতে বিপুল অর্থ ব্যয় করে ফসল উৎপাদন করতে হয়। কিন্তু ফসল ক্ষতিগ্রস্ত হলে তাদের আর্থিক লোকসানের মুখে পড়তে হচ্ছে।
এলাকাবাসীর আরও অভিযোগ, মাঝে মাঝে কারখানার আশপাশে ধোঁয়া ও তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় শিশু ও বয়স্কদের শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।
স্থানীয়দের দাবি, ঘনবসতিপূর্ণ এলাকায় এসিড কারখানাটি পরিচালনা করা নিরাপদ কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করা হোক। একই সঙ্গে পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্যের ওপর কারখানাটির প্রভাব যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর একটাই দাবি—ঘনবসতি ও কৃষিজমি থেকে দূরে নিরাপদ ও উপযুক্ত স্থানে এসিড কারখানাটি স্থানান্তর করা হোক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন